দীর্ঘদিন থেকেই প্রযুক্তি বাজারে আলোচনায় রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। পর্যায়ক্রমে এর বেটা ভার্সন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ফিচার যুক্ত করছে গুগল। বর্তমানে পিক্সেল ডিভাইসের জন্য বেটা থ্রি ভার্সন চালু রয়েছে। হালনাগাদ এ ভার্সনের বায়োমেট্রিক শনাক্তকরণ ফিচার ও সেটিংসে বেশ পরিবর্তন আনা হয়েছে। খবর টেকটাইমস।

উন্নত বায়োমেট্রিক ও সেটিংস ছাড়াও প্রাইভেট স্পেস নামের একটি ফিচারের পরীক্ষাও চালাচ্ছে গুগল। টেকরাডারের তথ্যানুযায়ী, বেটা থ্রি ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। ব্যবহারকারীরা এখানে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যেকোনো অ্যাপ লক করে রাখতে পারবে। এর মাধ্যমে অ্যাপ ও ডিভাইসের সুরক্ষা আরো বাড়বে ও তথ্য গোপন থাকবে।

বেটা থ্রি ভার্সনে আরো কিছু আপডেট আনা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যখন কোনো অ্যাপকে জোরপূর্বক বন্ধ করা হবে তখন উইজেট ঘোলা হয়ে যাবে। এতে বন্ধ করা অ্যাপগুলো পুনরায় স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারবে না। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে বেশকিছু ত্রুটির সমাধানও আনা হয়েছে বলে জানা গেছে।

অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্য এখনো ১৫ ভার্সন উন্মোচন করা হয়নি। তবে যাদের পিক্সেল সিক্স বা এর পরের ভার্সনের স্মার্টফোন রয়েছে, তারা বেটা প্রোগ্রামে যুক্ত হতে পারবে। এসব ডিভাইসে বেটা ভার্সনের আপডেট পর্যায়ক্রমে আসবে। চাইলে সেটিংস 

থেকে সিস্টেমের আপডেটে প্রবেশ করে ব্যবহারকারীরা নতুন ভার্সনের খোঁজ করতে পারবে বলে জানা গেছে।