ফ্রান্সভিত্তিক ভিডিও গেম নির্মাতা কোম্পানি ইউবিসফটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। কোম্পানিটি প্রায় ৯০০ জিবির বেশি তথ্য হাতিয়ে নেয়া থেকে হ্যাকারদের বাধা দিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। যার মধ্যে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও রয়েছে। খবর টেকটাইমস।
ইউবিসফটের ফাইল চুরির বিষয়ে হ্যাকারদের আক্রমণের বিষয়ে জানানোর পর থেকেই এ প্রচেষ্টা চলতে থাকে। যার প্রথম পর্যায়ে হ্যাকাররা সফলভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে প্রবেশ করতে সক্ষম হয়। ইউবিসফটের ভাষ্য অনুযায়ী, হ্যাকাররা কোম্পানির ফাইল চুরির জন্যই আক্রমণ চালায়, বিশেষ করে রেইনবো সিক্স সিজের গেমারদের তথ্য। ইউবিসফট সক্রিয়ভাবে হ্যাকারদের হামলা প্রতিহত করতে পেরেছে বলে জানানো হয়।
২০২২ সালের ডিসেম্বরে ভিএক্স-আন্ডারগ্রাউন্ড প্রথম এ বিষয়ে জানায়। সে সময় বলা হয়, নাম না জানা হ্যাকাররা ইউবিসফটের সিস্টেমে প্রবেশ করে এবং ৪৮ ঘণ্টার মতো অবস্থান নেয়। এ বিষয়ে জানার পর ইউবিসফট তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হ্যাকারদের অ্যাকসেস বন্ধ করে দেয়। ভিএক্স-আন্ডারগ্রাউন্ডের তথ্যানুযায়ী, হ্যাকাররা ইউবিসফটের সিস্টেমে প্রবেশ করেছে সে বিষয়ে কিছু জানায়নি। এরপর ব্লিপিং কম্পিউটারকে দেয়া এক বিবৃতিতে ইউবিসফট জানায়, কোম্পানি হামলার বিষয়টি দেখছে এবং সিস্টেম পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেবে। প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা সিস্টেম থেকে ৯০০ জিবির মতো তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল।










