ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ভিত্তিক প্রকাশকদের সংবাদ সার্চ ফলাফল থেকে সরিয়ে ফেলতে পরীক্ষা চালাচ্ছে গুগল। গুগল এ পরীক্ষার মাধ্যমে দেখবে, ইইউ-ভিত্তিক সংবাদ আর্টিকেল সরিয়ে দেয়া হলে সাইটের ট্রাফিক ও সার্চ অভিজ্ঞতার ওপর কী প্রভাব পড়ে। খবর দ্য ভার্জ।

সার্চ জায়ান্টটি বলছে, পরিবর্তনটি সবাইকে প্রভাবিত করবে না। শুধু বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গিস, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও স্পেনের ১ শতাংশ ব্যবহারকারী গুগল সার্চ, গুগল নিউজ ও ডিসকভারে ইইউর সংবাদ দেখতে পাবেন না। কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় নিয়ন্ত্রক ও প্রকাশকরা সার্চে সংবাদ কনটেন্টের প্রভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য চাওয়ায় তারা সাময়িক এ পরীক্ষা চালাচ্ছে। পরীক্ষাটি শেষ হলে ইউরোপীয় সংবাদ প্রকাশকদের ফলাফল আবার দেখানো হবে।

সংবাদ প্রদর্শনে গুগলের মতো বড় প্রযুক্তি কোম্পানির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। নিয়ন্ত্রক ও প্রকাশকরা জানতে চান, গুগল সার্চ সিস্টেম সংবাদ আর্টিকেলগুলোকে সঠিকভাবে প্রদর্শন করছে কিনা এবং এটি কীভাবে সংবাদ সাইটগুলোর ট্রাফিককে প্রভাবিত করছে। এ পরীক্ষা তাদের সেই তথ্য সরবরাহ করবে যা তারা সিদ্ধান্ত নিতে ব্যবহার করবে।

পরীক্ষার শেষে ইউরোপীয় সংবাদ প্রকাশকরা বুঝতে পারবেন, গুগল তাদের সংবাদ না দেখালে তারা কতটুকু ট্রাফিক হারাবে। এছাড়া গুগল ব্যবহারকারীরা আসলে সংবাদ সম্পর্কে কতটা আগ্রহী, তাও পরীক্ষার মাধ্যমে জানা যাবে। এর আগে ফেসবুকও একই ধরনের পরীক্ষা পরিচালনা করেছে। ব্যবহারকারী সংবাদে তেমন আগ্রহী না হওয়ায় তারা ‘নিউজ’ ট্যাবটি সরিয়ে দিয়েছে।

ইইউতে গুগলকে ইউরোপীয় কপিরাইট নির্দেশিকা অনুসরণ করতে হয়, ফলে সার্চ জায়ান্টটি ওই অঞ্চলের শত শত প্রকাশকের কাছ থেকে কনটেন্ট লাইসেন্স করছে৷। এর আগে সংবাদ প্রকাশকদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে একটি চুক্তি ভঙ্গ করার অভিযোগে চলতি বছরের শুরুতে গুগলকে ২৭ কোটি ডলারের বেশি পরিমাণ জরিমানা করে ফ্রান্স।