মোবাইল ডিভাইসের জন্য উন্নত ভার্সনের ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ (ইউএফএস) ৪.০ উন্মোচন করেছে মাইক্রন টেকনোলজি। বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এ ভার্সন উন্মোচন করা হয়। খবর গিজমোচায়না।

উন্নত ভার্সনের ইউএফএস স্টোরেজটি ১ টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণে সক্ষম। এছাড়া এটি দ্রুতগতিতে যেকোনো কাজ সম্পাদনে সক্ষম। ফলে যেকোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন আরো কম সময়ে যেকোনো কমান্ড অনুযায়ী কাজ করতে পারবে। এর রিডিং ও রাইট স্পিড প্রতি সেকেন্ডে যথাক্রমে ৪ হাজার ৩০০ ও ৪ হাজার মেগাবাইট, যা আগের ভার্সনের তুলনায় প্রায় দ্বিগুণ।

কোম্পানির তথ্যানুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অ্যাপগুলোয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এখন ৪০ শতাংশ দ্রুত লোড হবে। এর মাধ্যমে এআই ডিজিটাল কম্প্যানিয়ন ব্যবহারের সময় আরো সুবিধা পাওয়া যাবে। 

মাইক্রন ইউএফএস ৪.০ সলিউশনের প্যাকেজ সাইজ ১১X১৩ মিলিমিটার থেকে ৯X১৩ মিলিমিটারে নামিয়ে এনেছে। প্রযুক্তিবিদদের মতে, এর ফলে স্টোরেজটি যেকোনো ফোল্ডেবল বা পাতলা গঠনের স্মার্টফোনে ব্যবহার করা যাবে।  বর্তমানে ২৫৬, ৫১২ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজ ভার্সন পাওয়া যাবে।