স্মার্টফোনের জন্য র‍্যাম খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কোম্পানি সেলফোনের জন্য উন্নত প্রযুক্তি র‍্যাম তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে এবার ২৪ গিগাবাইটের লো পাওয়ার ডাবল ডাটা রেট (এলপিডিডিআর) ৫এক্স মোবাইল ডির‍্যাম বাজারজাতের ঘোষণা দিয়েছে এসকে হাইনিক্স। খবর গিজচায়না।

সেমিকন্ডাক্টর উৎপাদনে এসকে হাইনিক্স বিশ্ববাজারে সমাদৃত একটি প্রতিষ্ঠান। ২০২২ সালের নভেম্বরে কোম্পানিটি এ র‍্যামের ব্যাপক উৎপাদন শুরু করে। ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স প্যাকজটি ১ দশমিক ১ থেকে ১ দশমিক ১২ ভোল্টে কাজ করতে পারে। সেই সঙ্গে এটি প্রতি সেকেন্ডে ৬৪ গিগাবাইট তথ্য প্রক্রিয়া করতে পারে, যা ১ সেকেন্ডে ১৩টি ফুলএইচডি রেজল্যুশনের চলচ্চিত্র পাঠানোর সমান। এ সক্ষমতার মাধ্যমে নতুন র‍্যামটি বাজারের সবচেয়ে দ্রুত গতির ও বিদ্যুৎসাশ্রয়ী ডির‍্যাম প্যাকেজে পরিণত হয়েছে।

কোম্পানির দাবি, ২৪ গিগাবাইটের এলপিডিডিআর৫এক্স ব্যবহারকারীদের উন্নত ও আরামদায়ক অনুভূতি দেবে। এমনকি একই সময়ে একাধিক ভারী অ্যাপ চালালেও সমস্যা হবে না। নতুন ডির‍্যাম প্যাকেজযুক্ত প্রথম স্মার্টফোন আনবে আসুস। এইস ২ প্রো নামের ডিভাইসে আসুসের নিজস্ব মেমোরি জেনেটিক রিকম্বিনেশন ফিচার থাকবে।

২৪ জিবি র‍্যাম ও নিজস্ব উদ্ভাবিত মেমোরি জেনেটিক রিকম্বিনেশন প্রযুক্তির সহায়তায় আসুসের ডিভাইসটিতে ৫৪টি অ্যাপ অনায়াসে ব্যবহার করা যাবে। কোম্পানির দাবি, এটি ৭২ ঘণ্টারও বেশি সময় সচরাচর ব্যবহৃত ৪১টি অ্যাপ চালু রাখতে পেরেছে। ওয়ানপ্লাস আরো জানায়, এইস ২ প্রো ডিভাইসটি টিইউভি এসইউডির ৪৮ মাসের স্মুথ এ লেভেল সার্টিফিকেশন পেয়েছে। ফলে সহজেই চার বছরের বেশি সময় ডিভাইসটি ব্যবহার করা যাবে।

অপোর মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট লুইস লি বলেন, ‘যথাসময়ে ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম সরবরাহ করায় আমরা বিশ্বের প্রথম হিসেবে সবচেয়ে বেশি ডির‍্যামযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পেরেছি। নতুন স্মার্টফোনটি গ্রাহকদের একসঙ্গে অনেক কাজ করার ও অ্যাপ চালানোর সুযোগ করে দেবে এবং সঙ্গে থাকবে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ।

বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, এসকে হাইনিক্সের ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যামসহ ওয়ানপ্লাস এইস ২ প্রো বাজারে এলে তা সেলফোন মেমোরির উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে। নতুন প্যাকেজটি বেশি কার্যক্ষমতার পাশাপাশি কম বিদ্যুৎ ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। ভবিষ্যতে হাই এন্ড স্মার্টফোনগুলোর জন্য এটি প্রধান মাপকাঠি হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশারদরা।