সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটকে প্রথমবারের মতো জরিমানা করেছে রাশিয়া। সাইটটি থেকে নিষিদ্ধ কনটেন্ট না সরানোর অপরাধে এ জরিমানা করা হয়েছে। মস্কো আদালতের বরাতে বলা হয়, কনটেন্টে ইউক্রেনে রুশ সেনা ক্যাম্পেইন সম্পর্কে ভুয়া তথ্য দেয়া হয়েছে। খবর রয়টার্স।
মস্কো নিষিদ্ধ মনে করে—এমন কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় রেডিটকে রাশিয়ার একটি তদন্তাধীন সাইটের আওতায় নেয়া হয়েছে। যেখানে উইকিমিডিয়া, স্ট্রিমিং সার্ভিস টুইচ এবং গুগলের মতো সাইটও রয়েছে। আরইএ জানিয়েছে, মস্কো আদালত রেডিটকে ২০ লাখ রুবল জরিমানা করেছে। এ বিষয়ে জানতে চেয়ে রেডিটকে ই-মেইল করলে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি। সম্প্রতি উইকিপিডিয়ার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনকেও ২০ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়ার আদালত। তাদের বিরুদ্ধেও ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে ভুয়া তথ্য প্রকাশের অভিযোগ এনেছে দেশটি। উইকিমিডিয়া এর আগে জানিয়েছিল, যে বিষয়ে রাশিয়া অভিযোগ করেছিল, সেসব তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়ায় তা বস্তুনিষ্ঠ ছিল এবং তা উইকিপিডিয়ার মানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ছিল।
প্রসঙ্গত, গত বছর ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই গণমাধ্যম ও ব্লগিং সাইটে সংঘাতের খবর ছড়িয়ে দেয়া বন্ধে শক্ত নিয়ন্ত্রণ শুরু করে রাশিয়া।










