ওয়েব ও কম্পিউটার অ্যাপ ব্যবহারকারীর জন্য পুরনো একটি ফিচার ফিরিয়ে আনছে হোয়াটসঅ্যাপ। আগে এ দুই প্লাটফর্মের জন্য ভিউ ওয়ানস মিডিয়া ফিচার চালু ছিল। ২০২২ সালের নভেম্বরে তা বন্ধ করে দেয়া হয়। এক বছর পর পুনরায় এটি ফিরিয়ে আনতে কাজ করছে মেসেজিং প্লাটফর্মটি। খবর গিজমোচায়না।
গোপনীয়তার কারণে বৈশিষ্ট্যটি সরিয়ে নেয়া হয়ে বলে জানিয়েছিল মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। সাম্প্রতিক আপডেটের পর ওয়েব ও ডেস্কটপে ভিউ ওয়ানস মিডিয়া অ্যাকসেস পুনরায় দেখা যাচ্ছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ ওয়েব ও ডেস্কটপ ব্যবহারকারীদের ভিউ ওয়ানস ফিচারটি বর্তমানে কাজ করেছে। ডেস্কটপ ক্লায়েন্ট ও ওয়েবসাইটের আপডেটের পর এটি কার্যকর হচ্ছে। এ বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপের উইন্ডোজ ও ম্যাক ওএস বিল্ডে কাজ করছে বলেও জানিয়েছেন প্রযুক্তিবিদরা। এ ফিচারের মাধ্যমে কোনো ছবি ও ভিডিও পাঠানো হলে তা একবারের বেশি দেখা যাবে না।
অন্য কথায়, একজন ব্যক্তি একবার চ্যাটের ভিউ ওয়ানস বার্তাটিতে ক্লিক করলে পরেরবার মিডিয়া ফাইলটি অদৃশ্য হয়ে যাবে এবং আর অ্যাকসেস করা যাবে না।
আগে ছবির স্ক্রিনশট নেয়া গেলেও ব্যবহারকারীরা নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে এটিও বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সম্প্রতি ইমেইল যুক্ত করার ফিচারও চালু করেছে প্লাটফর্মটি।










