চীনের জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য অ্যাপের নতুন একটি সংস্করণ বানাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দি ইনফরমেশন। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বিক্রির আগে মার্কিন বিনিয়োগকারীদের একটি দলের কাছে অ্যাপটির মার্কিন সংস্করণ হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অ্যাপটির নতুন সংস্করণ আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরগুলোয় চালু করার পরিকল্পনা রয়েছে। টিকটকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেছেন, সোমবার বা মঙ্গলবার তিনি চীনের সঙ্গে টিকটক চুক্তি নিয়ে আলোচনা শুরু করবেন।

গত মাসে ট্রাম্প চীনের মূল কোম্পানি বাইটড্যান্সের টিকটকের মার্কিন সম্পত্তি বিক্রির সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান। দি ইনফরমেশন জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত অ্যাপটি আগামী বছরের মার্চ পর্যন্ত চালু থাকবে। তবে ধীরে ধীরে ব্যবহারকারীদের নতুন অ্যাপে স্থানান্তর হতে হবে। তবে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে টিকটকের যুক্তরাষ্ট্র শাখা আলাদা একটি মার্কিন কোম্পানিতে রূপান্তরের আলোচনা চলছিল। নতুন পরিকল্পনা অনুযায়ী, ওই কোম্পানির মালিকানা ও পরিচালনা থাকত যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারীদের হাতে। তবে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর চীন জানায়, তারা এ ধরনের বিক্রির অনুমোদন দেবে না। এরপর আলোচনাটি থেমে যায়।