উন্মোচন হতে যাচ্ছে স্যামসাংয়ের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন। চলতি সপ্তাহে ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে ফোনটির ঝলক দেখা যাবে। প্রযুক্তিপ্রেমীদের জন্য ইভেন্টটি একটি বিশেষ দিন। প্রতি বছর স্যামসাংয়ের নতুন সব পণ্য উন্মোচন হয় এ অনুষ্ঠানে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ তিন ভাঁজের ট্রাই-ফোল্ড স্মার্টফোনটি।
টিপস্টারদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়না ফোনটির স্ক্রিন, ক্যামেরা, ব্যাটারি ও কার্যক্ষমতা সংক্রান্ত বেশকিছু তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ফোনটির ফিচারগুলো অত্যন্ত আকর্ষণীয় ও শক্তিশালী হতে চলেছে।
● ১০ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা
স্যামসাংয়ের নতুন তিন ভাঁজযোগ্য ফোনের সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো এর ১০ ইঞ্চির বড় ওএলইডি ডিসপ্লে। সাধারণ ফোল্ডেবল ফোন একবার ভাঁজ হয়, কিন্তু এটি দুবার ভাঁজ হয়। ফলে বন্ধ অবস্থায় ডিভাইসটি সহজে বহনযোগ্য ও সম্পূর্ণ খোলার পর বড় স্ক্রিন পাওয়া যায়। এতে ব্যবহার হয়েছে স্যামসাংয়ের সাম্প্রতিক ফোল্ডেবল স্ক্রিন প্রযুক্তি, যা অত্যন্ত পাতলা, শক্তিশালী ও নমনীয়।
উন্মোচনের পর আগামী আগস্ট থেকে স্ক্রিনের উৎপাদন শুরু করবে স্যামসাং ডিসপ্লে। চূড়ান্তভাবে ফোনটি তৈরি হবে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে।
ফোনটির ক্যামেরা গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর মতোই হবে বলে জানা গেছে। এতে থাকবে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ১০ মেগাপিক্সেল ৩এক্স জুম ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য থাকবে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
● পাতলা ডিজাইন ও তুলনামূলক ছোট ব্যাটারি
ট্রাই-ফোল্ডটি পাতলা ও হালকা রাখার জন্য এর ব্যাটারির আকার ও সক্ষমতা কিছুটা কমানো হতে পারে। ফলে ব্যাটারি লাইফ হয়তো কিছু প্রতিযোগী ফোনের তুলনায় কম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, যা উচ্চগতির কার্যক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করবে। ফলে ছোট ব্যাটারির সীমাবদ্ধতা অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হবে।
● সীমিত সংখ্যায় উন্মোচন ও উচ্চমূল্য
সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে ফোনের উৎপাদন শুরু করবে স্যামসাং। ট্রাই-ফোল্ডটি চলতি বছরের শেষ দিকে প্রথমে দক্ষিণ কোরিয়া ও চীনের বাজারে আসতে পারে, বিশেষ করে চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর)। উন্নত প্রযুক্তির এ ডিভাইসের দাম হবে ৪০ লাখ কোরিয়ান ওনের বেশি অর্থাৎ প্রায় ৩ হাজার ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা (বর্তমান বিনিময় হার অনুযায়ী)।
● কেন ফোনটি গুরুত্বপূর্ণ
গত বছর বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজযোগ্য (প্রকৃত অর্থে দুই ভাঁজ) ফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন ফেলে দেয় হুয়াওয়ে। এবার ট্রাই-ফোল্ডের বাজারে চীনের প্রতিযোগী হিসেবে প্রবেশ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এটি স্যামসাংয়ের উদ্ভাবন ক্ষমতা ও ভবিষ্যতের ভাঁজযোগ্য ফোন প্রযুক্তি কোন পথে এগোচ্ছে, তারই ইঙ্গিত দেয়।
নতুন ফোল্ডেবল স্মার্টফোন ছাড়াও এবারের আয়োজনের মূলে থাকবে স্মার্টঘড়ি ও এফই সিরিজের হ্যান্ডসেট। আসন্ন ইভেন্টে উন্মোচন হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৭। মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় এবার থাকতে পারে গ্যালাক্সি এস২৫ এফই।










