ওপেনএআইকে কয়েক বছরের জন্য এআই চিপ সরবরাহ করতে নতুন এক চুক্তিতে পৌঁছেছে এএমডি। কয়েক বিলিয়ন ডলারের এ চুক্তি থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয়ের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ প্রস্তুতকারক কোম্পানিটি। চলতি সপ্তাহেই কোম্পানি দুটির এ চুক্তির কথা প্রকাশ্যে আসে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একসঙ্গে বড় ধরনের চুক্তি ও সহযোগিতামূলক অংশীদারত্বে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও ওপেনএআই। এআই প্রতিষ্ঠানটিতে বিশাল অংকের বিনিয়োগের পরিকল্পনা করছে এনভিডিয়া, যা সর্বোচ্চ ১০ হাজার কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। এর পাশাপাশি কোম্পানিটি ওপেনএআইয়ের ডাটা সেন্টারের জন্য বিশেষ ধরনের চিপও সরবরাহ করবে।
বিশ্বের বড় টেক জায়ান্টগুলো প্রযুক্তি বিকাশে কেবল প্রতিযোগিতা করছে না, বরং সহযোগিতা ও নির্ভরশীলতার সম্পর্কও গড়ে তুলছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের পর ব্যবসা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতাকে কাজে লাগানোর প্রবণতা বেড়েছে সিলিকন ভ্যালির বড় ও প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে। এ সহযোগিতামূলক সম্প্রসারণ কৌশলের ফলে নতুন উদ্ভাবন সহজ হচ্ছে এবং এআই শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনায় এদের প্রভাব বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এনভিডিয়া, ওপেনএআই, এএমডি এবং ওরাকলের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই প্রযুক্তিকে কাজে লাগাতে সাম্প্রতিক বছরগুলোয় কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। কোম্পানিগুলো এআই, চিপ, ক্লাউড ও সফটওয়্যার উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে।
বিনিয়োগ সংস্থা ইউবিএস জানিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী এআই খাতে ব্যয় হবে ৩৭ হাজার ৫০০ কোটি ডলার, যা ২০২৬ সালে পৌঁছবে ৫০ হাজার কোটি ডলারে।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার সঙ্গে সম্প্রতি প্রায় ২ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করতে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি ওরাকল। চুক্তিটি চূড়ান্ত হলে মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটা বর্তমান ক্লাউড সেবা প্রদানকারীদের পাশাপাশি ওরাকল থেকেও বড় পরিসরে কম্পিউটিং সুবিধা নিতে পারবে। এ খবরের ঠিক একদিন আগে জানা যায়, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং প্রযুক্তি জায়ান্ট ওরাকল প্রায় ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তিতে স্বাক্ষর করেছে, যা এখন পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্লাউড চুক্তি হিসেবে বিবেচিত।
এদিকে অ্যাপল নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরির’ জন্য এআই-চালিত নতুন ধরনের সার্চ ফিচার তৈরিতে গুগলের সহায়তা নিতে পারে বলে জানিয়েছেন অ্যাপলবিষয়ক বিশ্লেষক মার্ক গুরম্যান।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এআই দৌড়ে এক হচ্ছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরাও। এর একটি বড় উদাহরণ হলো ইন্টেলে এনভিডিয়ার বিনিয়োগ।
ব্যবসায়িক পুনর্বিন্যাস বা সহযোগিতার অংশ হিসেবে কোম্পানি দুটি একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি হয়েছে এনভিডিয়া।
প্রযুক্তি জগতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এ খাতে একদিকে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান ও টেসলাপ্রধান ইলোন মাস্ক যেমন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, অন্যদিকে কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠান একযোগে বিনিয়োগ করছে এআই উদ্ভাবন ও বিকাশে।










