যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল টাওয়ার সেমিকন্ডাক্টরকে ফাউন্ড্রি পরিষেবা সরবরাহ করবে। এ লক্ষ্যে কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ইসরায়েলি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ইন্টেলের নিউ মেক্সিকো কারখানায় ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে। খবর রয়টার্স।

চীনের নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ায় উভয় কোম্পানির একীভূত হওয়ার পরিকল্পনা বাতিল করার পর এ অংশীদারত্ব চুক্তি সম্পাদন হয়। সর্বশেষ চুক্তির অধীনে টাওয়ার রিও র‍্যাঞ্চো ফ্যাব্রিকেশন ইউনিটের জন্য সরঞ্জাম সংগ্রহ ও মালিকানা ধরে রাখবে। এটি প্রতি মাসে ছয় লাখেরও বেশি ফটো লেয়ার তৈরির সক্ষমতা দেয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের ৩০০ এমএম চিপগুলোর চাহিদা মেটাবে।

টাওয়ারের সিইও রাসেল এলওয়াঙ্গার জানায়, তারা এটিকে ইন্টেলের সঙ্গে একাধিক সমাধানের পথের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি। তারা উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট ও রেডিও ফ্রিকোয়েন্সি সিলিকন অন ইনসুলেটর ভিত্তিক সমাধানে ফোকাস করার পরিকল্পনা করেছে। অংশীদারত্বটি ইন্টেলের ফাউন্ড্রি সক্ষমতাও বাড়িয়ে তুলছে, যা তাদের সহায়তা করবে, কারণ ইন্টেল তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে নেমেছে।

২০২১ সালে ইন্টেল নিউ মেক্সিকোয় ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করে। 

তার পরে ওহিও চিপ কমপ্লেক্সেও ২ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইন্টেলের ফাউন্ড্রি ব্যবসায় ২৩ কোটি ২০ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের চেয়েও ৫ কোটি ৭০ লাখ ডলার বেশি। ইন্টেল আরো শক্তিশালী চিপ নির্মাণে অন্যান্য কোম্পানির তৈরি করা চিপের বিভিন্ন অংশগুলো একত্র করে ব্যবহার করছে।