তারবিহীন প্রযুক্তির যুগে চলে এলেও এখনো ল্যাপটপের ইউএসবি পোর্ট ব্যবহারকারীদের জন্য অপরিহার্য। ডিভাইস চার্জ দেয়া, তথ্য স্থানান্তর বা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারে এসব পোর্ট কার্যকর ভূমিকা রাখে। তবে ইউএসবি পোর্টে সবকিছু প্লাগ করা নিরাপদ নয়। অনেক ক্ষেত্রে ভুল ডিভাইস ব্যবহার করলে ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার ঝুঁকি বাড়ে—

অপরিচিত ফ্ল্যাশ ড্রাইভ: ছোট আকৃতির ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সাধারণত ফাইল সংরক্ষণে ব্যবহৃত হলেও অপরিচিত ড্রাইভ মারাত্মক ক্ষতি করতে পারে। এগুলোতে ভাইরাস, ক্ষতিকর সফটওয়্যার বা হ্যাকিং স্ক্রিপ্ট থাকতে পারে, যা ল্যাপটপে ঢুকে পড়তে পারে। তাই অপরিচিত বা সেকেন্ডহ্যান্ড ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার না করাই ভালো।

ভেজা, নোংরা বা মরিচা ধরা যন্ত্রাংশ: ভেজা বা নোংরা ডিভাইস ল্যাপটপে প্লাগ করলে ইউএসবি পোর্ট নষ্ট হয়ে যেতে পারে। ধুলো বা আর্দ্রতা জমে গেলে ডিভাইসের কার্যক্ষমতা কমে যায়। নিয়মিত পরিষ্কার করাই এক্ষেত্রে সেরা সমাধান। ঘরে থাকা সাধারণ সরঞ্জাম যেমন, নরম ব্রাশ বা তুলা দিয়ে অ্যালকোহল ব্যবহার করে পোর্ট পরিষ্কার করা যায়। যদি মরিচার প্রভাব ভেতরের অংশে ছড়িয়ে পড়ে, তবে দ্রুত বিশেষজ্ঞের সাহায্য নেয়া দরকার।

নকল চার্জার ও কেবল: অনেক সময় আসল চার্জার নষ্ট হয়ে গেলে ব্যবহারকারীরা সস্তা বিকল্প খোঁজেন। তবে নকল বা নিম্নমানের চার্জার বড় ধরনের বিপদের কারণ হতে পারে। এগুলোতে বিদ্যুৎসংক্রান্ত ত্রুটি দেখা দেয়, যা শর্টসার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সবসময় মূল চার্জার বা ব্র্যান্ডের স্বীকৃত নিরাপদ বিকল্প ব্যবহার করা উচিত। যদিও দাম একটু বেশি, তবে এগুলো ল্যাপটপের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করে।

অতিরিক্ত বিদ্যুৎ খরচকারী যন্ত্রপাতি: সব যন্ত্রপাতি ইউএসবি পোর্টে চালানোর জন্য তৈরি নয়। অনেক ডিভাইসের জন্য স্থায়ী বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন, যা দেয়াল সকেট ছাড়া সম্ভব নয়। এ ধরনের ডিভাইস সরাসরি ল্যাপটপে প্লাগ করলে অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিদ্যুৎ সংযোগবিহীন ইউএসবি হাব: আজকাল অনেক ল্যাপটপে সীমিতসংখ্যক পোর্ট দেয়া হয়। এজন্য অনেকেই ইউএসবি হাব ব্যবহার করেন। তবে বিদ্যুৎ-সংযুক্ত হাব আর সাধারণ হাবের মধ্যে পার্থক্য আছে। সাধারণ হাব এক-দুটি ছোট ডিভাইসের জন্য যথেষ্ট হলেও একসঙ্গে একাধিক ডিভাইস চালালে সমস্যা দেখা দিতে পারে। এতে ল্যাপটপ অতিরিক্ত চাপের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারী কাজের জন্য আলাদা বিদ্যুৎ সরবরাহসহ ব্র্যান্ডেড ইউএসবি হাব ব্যবহার করাই নিরাপদ।

ইউএসবি পোর্ট ল্যাপটপ ব্যবহারের কাজ সহজ করে। কিন্তু সব ডিভাইস এতে প্লাগ করা যায় না। অপরিচিত ফ্ল্যাশ ড্রাইভ, নকল চার্জার, অতিরিক্ত বিদ্যুৎ খরচকারী গ্যাজেট বা সস্তা হাব ব্যবহার করলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হয়। তাই সচেতন থেকে সঠিক ডিভাইস ব্যবহার করলে ল্যাপটপের আয়ু বাড়বে এবং ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে। —স্ল্যাশগিয়ার অবলম্বনে