চীনা ডিভাইস প্রস্তুতকারী ও অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান লাক্সশেয়ারের শেয়ারদরে বড় উত্থান দেখা গেছে গতকাল। ওপেনএআইয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস তৈরির চুক্তির খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে। খবর সিএনবিসি।
সম্প্রতি প্রকাশিত দি ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, লাক্সশেয়ার চ্যাটজিপিটি ভাষা মডেল ব্যবহার করে ভোক্তাদের জন্য একটি প্রোটোটাইপ ডিভাইস তৈরি করছে। এটি স্মার্ট স্পিকারের মতো হলেও এতে ডিসপ্লে থাকবে না। কোম্পানিটি ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে প্রথম ডিভাইস বাজারে আনার লক্ষ্য নিয়েছে।
সর্বশেষ উত্থানের ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত লাক্সশেয়ারের মোট শেয়ারদর বৃদ্ধির হার দাঁড়াল প্রায় ৫০ শতাংশে। শেনঝেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দিনে সর্বোচ্চ ১০ শতাংশ ওঠানামা করতে পারে। তাই এ বৃদ্ধিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কোম্পানিটি এ বছর হংকংয়ে দ্বিতীয়বার তালিকাভুক্ত হওয়ার কথাও ভাবছে। তবে লাক্সশেয়ার বা ওপেনএআই কেউই এ বিষয়ে মন্তব্য করেনি।
ওপেনএআই দীর্ঘদিন ধরেই তাদের এআই-ভিত্তিক ডিভাইস বাজারে আনার চেষ্টা করছে। এটি অ্যাপল ও তাদের জনপ্রিয় আইফোনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে ওপেনএআই অ্যাপল থেকে কর্মীও নিয়োগ করছে। বর্তমানে তাদের হার্ডওয়্যার বিভাগ পরিচালনা করছেন ট্যাং ট্যান। তিনি আগে অ্যাপলের নির্বাহী কর্মকর্তা ছিলেন।
এ বছরের শুরুতে ওপেনএআই সাবেক অ্যাপল ডিজাইনার জনি আইভের প্রতিষ্ঠিত হার্ডওয়্যার কোম্পানি আইও প্রডাক্টস প্রায় ৬৪০ কোটি ডলারে কিনে নেয়। এতে আইভ প্রতিষ্ঠানটির অংশীদার হন। তিনি আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক এয়ারসহ বেশকিছু জনপ্রিয় অ্যাপল পণ্যের ডিজাইনের কাজ করেছিলেন। লাক্সশেয়ারের সঙ্গে চুক্তি হলে অ্যাপলের এ দীর্ঘদিনের সরবরাহকারী ওপেনএআইয়ের নতুন উদ্যোগে যুক্ত হবে।
এছাড়া ওপেনএআই চীনা কোম্পানি গোয়েরটেকের সঙ্গে আলোচনা করছে, যারা অ্যাপলের এয়ারপডস, হোমপডস ও ওয়াচ তৈরি করে। পরিকল্পিত নতুন ডিভাইসের জন্য তাদের কাছ থেকে স্পিকার মডিউলসহ যন্ত্রাংশ নেয়ার বিষয়েও কথা চলছে।
এদিকে গত নভেম্বরে প্রতিষ্ঠানটি মেটার অরিয়ন চশমা প্রকল্পের সাবেক প্রধান কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। এরই মধ্যে তিনি ভোক্তা ডিভাইস ও রোবোটিকস কার্যক্রম দেখছেন। একই মাসে ওপেনএআই বিনিয়োগ করে ফিজিক্যাল ইন্টেলিজেন্স নামের এক রোবট কোম্পানিতে, যারা এআইয়ের বাস্তব প্রয়োগে কাজ করছে।










