পার্থ টেস্টে হারের পর এবার ব্রিসবেনে ডে-নাইট টেস্টেও বিপদে ইংল্যান্ড। সফরকারী দলের ৩৩৪ রানের জবাবে আজ তৃতীয় দিন ৫১১ রান তুলে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। কোনো সেঞ্চুরি ছাড়াই পাঁচশোর্ধ্ব রান তুলেছে স্বাগতিকরা। ১৭৭ রানের লিড পাওয়া অজিরা পরে সফরকারীদের ৬ উইকেট তুলে নিয়েছে। বেন স্টোকসের দল ৬ উইকেটে ১৩৪ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলে তারা এখনো ৪৩ রানে পিছিয়ে। মিচেল স্টার্ক, মাইকেল নেসের ও স্কট বোল্যান্ড প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
এর আগে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে আজ শনিবার তৃতীয় দিন ব্যাট করতে নামা অজিরা পাঁচশ রান তুলতে পেরেছে মূলত মিচেল স্টার্কের ব্যাটে ভর করে। বল হাতে ৬ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও তিনি নায়ক এবং করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান। ১৪১ বল মোকাবেলায় ১৩ বাউন্ডারিতে এ রান করেন বামহাতি ব্যাটার স্টার্ক। এর আগে ৬৩ রান করেন অ্যালেক্স ক্যারি। ৪১৬ রানে ক্যারির বিদায়ের পর নবম উইকেটে স্কট বোল্যান্ডকে নিয়ে ১৬৫ বলে ৭৫ রান যোগ করেন স্টার্ক। এর মধ্যে তার একার অবদান ৫৮ রান, ১৫ রান করেন বোল্যান্ড।
দলীয় ৪৯১ রানের সময় ব্রাইডন কার্সের শিকার হন স্টার্ক। শেষ উইকেটে ব্রেন্ডন ডগেটকে নিয়ে ২০ রান যোগ করেন বোল্যান্ড।










