৫০৮ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মুমিনুল হক ব্যক্তিগত ৮৭ রানে আউট হলে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শততম টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৫৩ রানে। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭৭ রানে ৩ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। এরপর ৩ উইকেটে ৮৮ রান তুলে চা-বিরতিতে যায় অতিথিরা। পরের সেশনে আরো ৩ উইকেট হারায় তারা। ৬ উইকেটে ১৭৬ রান তুলে দিন শেষ করে অতিথিরা। তাদের দৃঢ়তায় পঞ্চম দিনে গড়াল টেস্ট, জিততে ৪ উইকেট প্রয়োজন বাংলাদেশের।
মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুতে আয়ারল্যান্ড শাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্তর উইকেট দুটি স্বল্প বিরতিতে তুলে নিয়ে ম্যাচের গতিপথ বদলানোর চেষ্টা করেছিল আয়ারল্যান্ড। কিন্তু মুশফিকুর রহিমের ক্যাচ ফেলে দিয়ে ম্যাচের ধারা নিজেদের অনুকূলে নিতে পারেনি আইরিশরা। মুমিনুল হক এবং মুশফিকুর রহিম চতুর্থ জুটিতে যোগ করেছেন ১২৩ রান।
মিরপুর টেস্টে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সুযোগ পেয়েও আইরিশদের ফলোঅন করায়নি স্বাগতিকরা। ২১১ রানের লিড পায় বাংলাদেশ।
এরপর দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের দাপটে দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। দুজন ১৮৭ বলে ১১৯ রান তুলে বিচ্ছিন্ন হন। জয় ৯১ বলে ৬০ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন শাদমান। ব্যক্তিগত ৭৮ রান করে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হন এই বাঁহাতি ইনফর্ম ওপেনার।
এরপর সেঞ্চুরির আশা জাগিয়েও ল্যান্ডমার্কে পৌঁছাতে পারলেন না মুমিনুল। অভিষিক্ত গাভিন হোয়ের বলে কার্টিস ক্যাম্ফারের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৮৭ রানের ইনিংস।










