টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফাইনালে চট্টগ্রাম কিংসকে ৩ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর গড়ে চট্টগ্রাম। পারভেজ হোসেন ইমন ৪৯ বলে ৭৮, খাজা নাফি ৪৪ বলে ৬৬, ও গ্রাহাম ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন। ব্যাটিং শক্তিধর বরিশাল ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে এ রান সফলভাবে তাড়া করে।

তামিম, কাইল মায়ার্স ও শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাটে জিতেছে বরিশাল। তামিম ২৯ বলে ৫৪ রান করে বিদায় নেয়ার পর মায়ার্স (২৮ বলে ৪৬) টানেন দলকে। ৭ উইকেট হাতে রেখে ১৬ বলে ২৩ রান লাগে, এ সময় তাকে আউট করেন শরিফুল। এক বল বিরতি দিয়ে শরিফুলের আরেক আঘাত। এবার মাহমুদউল্লাহকে ফেরান ৭ রানে। ৩৪ রানে ৪ উইকেট নেন শরিফুল। বরিশালের প্রয়োজন পড়ে ১২ বলে ২০ রান।

জড়তা কাটানোর পর বিনুরাকে ছক্কা মারেন রিশাদ, সমীকরণ নামে ৮ বলে ১১। বিনুরার বলে মোহাম্মদ নবী আউট হয়ে গেলেও তাদের সামনে ছিল ৬ বলে ৮ রানের সহজ সমীকরণ। রিশাদের ছক্কায় আশা শেষ হয়ে যায় কিংসের। এরপর ২ বলে আসে জয়। ৬ বলে ১৮ রান করেন রিশাদ।

রাউন্ড রবিন লিগে শীর্ষ দল বরিশাল প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারায় ৯ উইকেটে। এবার ফাইনালেও শেষ হাসি তামিম, মুশফিকদের।