ইউরোপের বিভিন্ন দেশের লিগে দীর্ঘ ১৮ বছর খেলার পর নিজ দেশ আর্জেন্টিনায় শৈশবের ক্লাব সেন্ট্রাল রোজারিওতে ফিরে গেলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
মাত্র চার বছর বয়সে রোজারিওতে যোগ দেন ডি মারিয়া। ২০০৫ সালে ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার। ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের তাকে বেনফিকার কাছে বিক্রি করে দেয়া হয়। বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদ, সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলে দ্বিতীয়বারের মতো যোগ দেন বেনফিকায়। সম্প্রতি পর্তুগিজ ক্লাবটির জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলেছেন তিনি। এ আসরে তিনটি গোল করেন। তার ক্লাব শেষ ষোলোয় চেলসির কাছে হেরে বিদায় নেয়।
ক্লাব ক্যারিয়ারে প্রায় ৩০টি শিরোপা জিতেছেন ডি মারিয়া। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। এছাড়া ২০২১ ও ২০২৪ সালে টানা দুটি কোপাজয়ী দলের সদস্য এ উইঙ্গার ।
‘ঘরে’ ফেরা নিয়ে ৩৭ বছর বয়সী ডি মারিয়া বলেন, ‘এতটা দীর্ঘ সময় পরে ঘরে ফেরা সত্যিই বিশেষ কিছু। এটাই আমি চেয়েছিলাম। সেন্ট্রালের হয়ে আরেকবার খেলতে চেয়েছিলাম। সেন্ট্রালের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিই আমার ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা। আজ যখন প্রথমবার ট্রেনিং করলাম আমার তো বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল, এটা যেন প্রথমবার। প্রথম ট্রেনিং সেশনটা আমি পুরোপুরি উপভোগ করেছি।’
তিনি আরো বলেন, ‘এ মুহূর্তে আমার অবসর নেয়ার কোনো ভাবনা নেই। আমি খেলার কথাই ভাবছি এবং নিজের খেলাটা উপভোগ করছি। যেকোনো পর্যায়েই খেলাটা উপভোগ করতে চাই আমি।’
আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ২০২৪ সালে।










