কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারল বাংলাদেশ। বামহাতি স্পিনার প্রবথ জয়সুরিয়া ক্যারিয়ারে ১২তম বারের মতো ৫ উইকেট নিয়ে শ্রীলংকাকে দাপুটে এক জয় এনে দেন। এর মধ্য দিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করল সিংহলিজরা। এই হারের পরই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

হারের পর সংবাদ সম্মেলনে আকষ্মিক এক ঘোষণায় শান্ত বলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এতে দলের ভালো কিছুই হবে।’

সম্প্রতি ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। শান্তর অধীনে ছিল ছিল টেস্ট দল, টি-টোয়েন্টিতে লিটন দাস। শান্ত এবার টেস্ট দলের নেতৃত্বও ছাড়লেন। তিনি কী কারণে ছাড়লেন, সেটি বুঝিয়েও দিলেন। শান্ত বলেন, ‘এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’