স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের বাছাইপর্বে শুভসূচনা করা বাংলাদেশের মেয়েরা আজ শুক্রবার পূর্ব তিমুরকে (তিমুর-লেস্তে) দিয়েছে ৮ গোল। ভিয়েনতিয়েনে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচে দুই অর্ধে সমান চারটি করে গোল দিয়েছে পিটার বাটলারের দল। এ জয়ে ‘এইচ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আফঈদা খন্দকারের দল। দক্ষিণ কোরিয়া সন্ধ্যায় খেলবে লাওসের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। প্রথম ম্যাচে জোড়া গোল করা সাগরিকা আজও লক্ষ্যভেদ করেছেন। এছাড়া একটি করে গোল পান সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন ও মুনকি আক্তার।
২০তম মিনিটে ডেডলক ভাঙেন শিখা। ১৩ মিনিট পর ব্যবধান ২-০ করে দেন শান্তি মার্ডি। ৩৬তম মিনিটে নবীরনের গোলে আরো পিছিয়ে যায় পূর্ব তিমুর। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের হয়ে চতুর্থ গোল করেন তৃষ্ণা রানী। ৫৭তম মিনিটে তৃষ্ণা নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন। ৭৩তম মিনিটে সাগরিকাও নাম লেখান গোলচার্টে (৬-০)। এর ৯ মিনিট পর তৃষ্ণা হ্যাটট্রিক করেন আর যোগ করা সময়ে মুনকি আক্তার দলের অষ্টম গোল করে পূর্ব তিমুরের বিশাল হার নিশ্চিত করেন।
৬ আগস্ট পূর্ব তিমুরকে ৯-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়া। আজ তাদের ৮-০ গোলে হারাল বাংলাদেশ। দুই ম্যাচে ১৭ গোল হজম করল পূর্ব তিমুর। আজ লাওসকে দুই গোলের ব্যবধানে হারালেই বাংলাদেশকে দুইয়ে নাময়ে টেবিলের শীর্ষস্থানে উঠে যাবে কোরীয় মেয়েরা।
আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। স্বাগতিক হিসেবে মূল পর্বের টিকিট পেয়েছে থাইল্যান্ড। বাছাইপর্ব খেলে আসবে আর ১১টি দল। ৩৩টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি উঠবে মূল পর্বে। এরপর দ্বিতীয় হওয়া ৮ দলের মধ্যে সেরা ৩টিও পাবে মূল পর্বে খেলার টিকিট।
রোববার একই মাঠে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচটাই নির্ধারণ করে দেবে, কোন দল ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপে খেলার টিকিট পাবে।










