গল টেস্টে আজ বুধবার দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের মধ্য পথে বৃষ্টি হানা দিয়েছে। ১৩০.২ ওভারে বৃষ্টি নামে গলের আকাশ থেকে। তখন বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। মুশফিকুর রহিম ১৫৯ ও লিটন দাস ৬১ রানে অপরাজিত রয়েছেন।

৩ উইকেটে ২৯২ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১৩৬ রান নিয়ে দিন শুরু করা নাজমুল হোসেন শান্ত নামের পাশে আর ১২ রান যোগ করে আসিথা ফার্নান্দোর শিকার হয়ে ফিরে যান সাজঘরে। বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন ২৬৪ রানের জুটি গড়েন। মাত্র ২ রানের জন্য চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ডটা ছুঁতে পারেননি মুশফিক ও শান্ত। ২৬৬ রানের জুটি রয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের।

শান্তর বিদায়ের পর লিটনকে নিয়ে আরেকটি শতরানের জুটি গড়েন মুশফিক। বৃষ্টি শুরুর আগ পর্যন্ত দুজন মিলে ২০৫ বলে ১১৪ রান যোগ করেন দুজন। এর মধ্যে লিটনের রানই বেশি। তিনি ৮৪ বল মোকাবেলায় করেছেন ৬১ রান, মুশফিকের অবদান ৪৯।

মুশফিক এগিয়ে যাচ্ছেন চতুর্থ ডাবল সেঞ্চুরির দিকে। তার রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি, যার একটি শ্রীলংকার বিপক্ষে। ২০১৩ সালে গল টেস্টে ২০০ রান করেছিলেন তিনি। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে ২১৯ ও ২০২০ সালে ২০৩ রান করেছিলেন তিনি, দুটি ডাবলই করেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

মুশফিক ছাড়া বাংলাদেশের হয়ে আর মাত্র দুজন করেছেন ডাবল সেঞ্চুরি। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসান করেছিলেন ২১৭ রান, আর তামিম ইকবাল ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ২০৬ রান।