গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ৫৪৯ রানের বিশাল টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাহাড়সম এ রান তাড়া করতে নেমে স্বাগতিকরা ২ উইকেটে ২৭ রান তুলে আজ মঙ্গলবার চতুর্থ দিন শেষ করে। বুধবার পঞ্চম ও শেষ দিন ৮ উইকেট হাতে নিয়ে তাদের আরো করতে হবে ৫২২ রান।

সিরিজে ১-০তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ৫০০ রানের বেশি লিড নিয়ে আজ লাঞ্চে (আগের চা-বিরতি) যায়। তখন দলটির সংগ্রহ ছিল ৭০ ওভারে ৪ উইকেটে ২২০ রান, লিড ছিল ৫০৮ রানের। এরপর আর ৮.৩ ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করে তারা। ট্রিস্টান স্টাবস ৯৪ রানে আউট হয়ে গেলেই ইনিংস ঘোষণা করে অতিথিরা (২৬০/৫/ডি.)।

এর আগে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ভারত ২০১ রানে গুটিয়ে যায়। মার্কো ইয়ানসেন একাই নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৭৭ রানে ৩ উইকেট হারালেও ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জির ব্যাটে ভর করে ভারতকে চাপে ফেলতে সমর্থ হয়। টনি ৪৯ রানে আউট হয়ে গেলেও ৯৪ রান করেন স্টাবস। উইয়ান মুলডার ৩৫ রান অপরাজিত থাকেন। এর আগে ওপেনার এইডেন মারক্রামও করেন ২৯ রান। ভারতের রবীন্দ্র জাদেজা চারটি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন।

সম্প্রতি পাকিস্তানের মাঠে ১-১-এ সিরিজ ড্র করে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ভারতের মাঠে ২-০তে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে। ভারত এ ম্যাচটি ড্র করলেও সিরিজ জিতে নেবে অতিথিরা।