মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচের জন্য ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেনকে দলে ডেকেছে বাংলাদেশ। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শামীমকে অন্তর্ভুক্ত করার কথা জানায়।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি আইরিশরা জিতে নেয়ার পর শনিবার লিটন দাসের ফিফটিতে ভর করে ১-১-এ সমতায় ফেরে বাংলাদেশ। এবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ। এ ম্যাচেই ডাক পড়ল শামীমের, যিনি এই ফরম্যাটে ৪৬ ম্যাচ খেলেছেন।

চট্টগ্রামে সিরিজ শুরুর আগে বাংলাদেশের স্কোয়াডে শামীমকে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং অধিনায়ক লিটন দাস। অবশেষে শামীমকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো।

স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মো. সাইফ উদ্দিন ও শামীম হোসেন।