ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

আজ রোববার চতুর্থ দিন ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট করে মাত্র ৬৫ রানের জয়ের টার্গেট পায় অজিরা। ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে স্টিভ স্মিথের দল।

দলীয় ৩৭ রানে ট্রাভিস হেড ও ৪১ রানে মারনাস লাবুশেনকে ফিরিয়েছেন গাস অ্যাটকিনসন। এতে হারের ব্যবধানই যা একটু কমেছে। স্মিথ (২৩*) ও জ্যাক ওয়েথারাল্ড (১৭*) এরপর আর কোনো উইকেটের পতন হতে দেননি।

এর আগে ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা ইংলিশরা ২৪১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক বেন স্টোকস (৫০) ও উইল জ্যাকস (৪১) প্রতিরোধ গড়লেও তা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। গতকাল দারুণ এক স্পেলে বেন ডাকেট ও ওলি পোপকে আউট করা মাইকেল নেসের আজও পরপর দুই ওভারে সাজঘরে পাঠান স্টোকস ও জ্যাকসকে।

গাস অ্যাটকিসন বেশি সময় টিকতে পারেননি, তিনি শিকার হন ব্রেন্ডন ডগেটের। এরপর ব্রাইডন কার্সকে শিকার করে ৫ উইকেট পূর্ণ করেন নেসের, গুটিয়ে যায় ইংল্যান্ডও। ৩ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট নিলেন ৩৫ বছর বয়সী বোলার।

অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেয়ার পর ব্যাট হাতে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়ে শিকার করেন ৬৪ রানে ২ উইকেট।