সুযোগ পেয়েও আইরিশদের ফলোঅন করায়নি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক দল। বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭২। নাজমুল হোসেন শান্তর দল এগিয়ে ২৮৩ রানে।

এর আগে, দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম সেঞ্চুরির কীর্তি গড়েছেন। সেঞ্চুরি করেছেন লিটন দাসও। তাদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ২৬৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ ২১১ রানের লিড নিয়েছে। ১১ রানে পিছিয়ে থাকায় তারা ফলোঅনে পড়ে। তবে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লোরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। টাকার ৭৫ রান করে অপরাজিত ছিলেন। দোহানির ব্যাট থেকে ৪৬ ও নেইলের ব্যাট থেকে ৪৯ রান পেয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন খালেদ মাহমুদ ও হাসান মুরাদ। পেসার এবাদত ও স্পিনার মিরাজের দখলে গেছে একটি করে উইকেট।

৪ উইকেট নিয়ে সাকিব সাকিব আল হাসানকে ছুয়ে ফেলেছেন তাইজুল ইসলাম। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট এখন যৌথভাবে দুজনেরই, ১৪৬টি।

এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে লিড আরো বাড়িয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৩৪ এবং শাদমান ইসলাম ব্যাট করছিলেন ৩৮ রান নিয়ে।

আজ ঢাকায় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে মাঠেও। গ্যালারির দোতলায় বসে থাকা দর্শকেরাও তাড়াহুড়া করে নামতে শুরু করেছিলেন। খেলোয়াড়েরা সবাই মাঠেই ছিলেন, কিন্তু তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল ভয়। আয়ারল্যান্ডের ক্রিকেটাররা জড়ো হন একসঙ্গে। ১০টা ৩৮ মিনিটে হওয়া সেই ভূমিকম্পের কারণে খেলা বন্ধ থাকে ৩ মিনিট।