আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম সিরিজ জয় করে নিল শ্রীলংকা। কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে ১-০-তে সিরিজ জিতল লংকানরা। হাতে ৪ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ৬ ওভারও টিকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। অল আউট হয়ে গেছে মাত্র ১৩৩ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে শ্রীলংকা। গতকাল দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের প্রতিরোধের মুখে ৪৫৮ রানে অলআউট হয় লংকানরা। ততক্ষণে ২১১ রানের লিড নিশ্চিত হয়ে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দলটির। শ্রীলংকা সাড়ে চারশর বেশি রান তুললেও সেই একই পিচে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়ে বাংলাদেশ ১১৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। এতে ইনিংস হারের মুখে পড়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল নাজমুল হোসেন শান্তর দল।

দুদিনের খেলা বাকি, আর বাংলাদেশের হাতে মাত্র চার উইকেট। তাও স্বীকৃত ব্যাটার বলতে টিকে ছিলেন শুধু লিটন দাস। এ অবস্থায় চতুর্থ দিনের খেলা শুরুর পর মাত্র চার বল খেলেই ৪৩ বলে ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। ৪০ তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে।

এরপর মুহূর্তেই যেন তাসের ঘরের মতো সব শেষ। ২৯ বলের মধ্যেই পতন ঘটে শেষ ৩ উইকেটের। রান আসে ১৬। দুই ইনিংসেই চোখে লেগে থাকার মতো ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে পরাজয় ঘটল দুই যুগের বেশি সময় ধরে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশের।