ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়েলিংটন টেস্টে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন জমজমাট লড়াইয়ে ১২ উইকেটের পতন ঘটেছে। এদিন ডেভন কনওয়ে ও মিচেল হের ফিফটিতে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের জবাবে কিউইরা ২৭৮ রান তুলে অলআউট হয়েছে। পরে ২ উইকেটে ৩২ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে ক্যারিবীয়রা। দুই ইনিংস মিলে এখনো ৪১ রানের লিড রয়েছে কিউইদের।

বুধবার প্রথম দিন ৭৫ ওভার টিকে থেকে ২০৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওইদিন বিনা উইকেটে ২৪ রান তুলে নেয় কিউইরা। আজ সকালে সেখান থেকে লড়াই শুরু করা টম ল্যাথামের দল আর ২৫৪ রান তুলে সবকটি উইকেট হারায়। এ পথে মিচেল হে ৬১ ও ডেভন কনওয়ে ৬০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডারসন ফিলিপ তিনটি ও কেমার রোচ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান জেডেন সিলস, ওজে শিল্ডস, জাস্টিন গ্রিভস ও রোস্টন চেজ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সপ্তম ওভারে দলীয় ২৪ রানে জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। তাকে বোল্ড করেন মাইকেল রায়ে। এরপর নামিয়ে দেয়া নাইটওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপও পরের ওভারে বিদায় নেন। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জ্যাকব ডাফি। ব্র্যান্ডন কিং (১৫*) ও কাভেম হজ (৩*) অপরাজিত থেকে দিন শেষ করেন। ৪১ রানের ঘাটতি কাটিয়ে কিউইদের লড়াকু টার্গেট দিতে হলে বড় শুক্রবার বড় ইনিংস খেলতে হবে ক্যারিবীয় তারকাদের, যেমনটি তারা করেছিলেন ক্রাইস্টচার্চে। প্রথম টেস্টে জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে দুর্দান্ত লড়াই করে ম্যাচটি ড্র করে সফরকারীরা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে উভয় সিরিজই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজটা এখনো সমতায়। মাউন্ট মঙ্গানুইয়ে ১৮ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।