তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১-এ সিরিজ জিতে নিল ভারত। বিশাখাপত্তনমে আজ শনিবার ২৭১ রানের টার্গেটটা ৬১ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। যশস্বী জয়সোয়াল ১২১ বলে ১১৬, রোহিত শর্মা ৭৩ বলে ৭৫ ও বিরাট কোহলি ৪৫ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলে ভারতকে দাপটে জেতান।
এর আগে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক করেন ২৩তম ওয়ানডে সেঞ্চুরি (৮৯ বলে ১০৬ রান)। ৮০ বলে ঝলমলে এক সেঞ্চুরি করেন তিনি। এটা ভারতের বিপক্ষে তার সপ্তম সেঞ্চুরি। ডি ককের বিদায়ের পর খুব একটা সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। ২৫.২ ওভারে দেড়শ ছোঁয়ার সময় তারা মাত্র দুটি উইকেট হারালেও পরের অর্ধে ভালো করতে পারেনি। একটি পর্যায়ে ৪ উইকেটে ১৯৯ রান তোলা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ২৭০ রানে। স্পিনার কুলদীপ যাদব ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণ উভয়ই চারটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পৌঁনে তিনশর আগেই আটকে দেন।
ওপেনিং জুটিতে জয়সোয়াল ও রোহিত ১৫৫ রান এনে দিলে জয় নিয়ে আর ভাবতে হয়নি ভারতকে।










