তিন ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার গলে সিরিজের প্রথম টেস্ট শুরু। নাজমুল হোসেন শান্তর দল আজ রোববার প্রস্তুতিও শুরু করেছে। অসুস্থতার কারণে শুরুর দিনে অনুশীলনে ছিলেন না ওয়ানডে অধিনায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজের অসুস্থতায় ‘মধুর সমস্যা’ দেখছেন হেড কোচ ফিল সিমন্স। বাংলাদেশ কোচের মতে, মিরাজের সমস্যা সুযোগ করে দেবে অন্য কাউকে। মিরাজ না খেললে তার জায়গায় কাকে সুযোগ দেয়া হবে, সেটি অবশ্য পরিষ্কার করেননি ক্যারিবীয় কোচ। বিকল্প হতে পারেন স্পিনার হাসান মুরাদ, নাঈম হাসান কিংবা অন্য কেউ।

আজ অনুশীলন শেষে মিরাজকে নিয়ে সাংবাদিকদের সিমন্স বলেছেন, ‘গত দুই দিনে সে অনেকটাই ভালো আছে। আমরা দেখব সন্ধ্যায় ওষুধের পর সে কেমন থাকে। আশা করি, কাল (সোমবার) অনুশীলন করতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে। এটা (মিরাজের অসুস্থতা) নিশ্চয়ই চিন্তার। তবে একজনের সমস্যা অন্যজনের জন্য সুযোগ এনে দেয়। দলের সবাই চায় মিরাজ সুস্থ হয়ে উঠুক, কিন্তু তারা এ-ও জানে, যদি মিরাজ না-ও খেলতে পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা সমস্যা, তবে সমস্যাটা মধুর।’

সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্বে হঠাৎ পরিবর্তন এনে নাজমুল হোসেনের বদলে মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। সিমন্স মনে করেন, এই সিদ্ধান্তের প্রভাব নাজমুলের ওপর পড়বে না, ‘আমি একেবারেই মনে করি না যে এটি ওকে প্রভাবিত করবে। মাঠে নামলে নাজমুল শুধু ক্রিকেট নিয়েই ভাবে, বাইরের বিষয় আমরা দেখি। তাই এটা ওর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।’

গলের উইকেট দেখে সিমন্স বলেছেন, ‘উইকেটটা দেখতে ভালোই লাগছে। আগামীকাল আরেকটু রোল আর কাট হলে আসল চেহারা বোঝা যাবে। এখানে সব সময়ই স্পিন ধরে, প্রশ্নটা শুধু কতটা ধরবে।’

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।