স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১০ আগস্ট ফাইনাল। তার আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরো দুবার করে খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই জয়ের পর বৃহস্পতিবার প্রোটিয়া যুবাদের কাছে হেরে যায় বাংলাদেশ। একদিন পরই জয়ে ফিরল আজিজুল হাকিমের দল। আজ শুক্রবার হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ২৭ রানে ৪টি, স্বাধীন ইসলাম ১ রানে ২টি ও সানজিদ মজুমদার ২৬ রানে ২টি উইকেট নেন। এরপর আজিজুল হাকিম (৪৭*), রিজান হোসেন (২১*) ও কালাম সিদ্দিকীর ব্যাটে ভর করে ২০৯ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

এ নিয়ে চার ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। চারটিতেই হেরে টেবিলের তলানিতে জিম্বাবুয়ে।

রাউন্ড রবিন লিগে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রোববার হারারেতে ফাইনাল।