দুবাইয়ে ১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা আফগানরা ২৮৪ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। সেঞ্চুরি করে আফগানদের ভালো সংগ্রহ গড়ে দেন ফসয়াল শিনোজাদা। যদিও বিফলে যায় তার সেঞ্চুরি। ২৮৪ রানের টার্গেটে বিনা উইকেটে ১৪১ রান তুলে নেয়ার পর শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ফাওয়াদ আবরার ৯৬ ও রিফাত বেগ ৬২ রান করেন।

এর আগে ১৬ রানে প্রথম উইকেট পতনের পর ওসমান সাদাতকে (৩৪) নিয়ে ৬৬ ও উজায়েরউল্লাহ নিয়াজাইকে (৪৪) নিয়ে ৯৩ রানের জুটি গড়েন শিনোজাদা। মাত্র ৯৪ বলে ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি আউট হয়েছেন। তাকে সাজঘরে ফেরান ইকবাল হোসেন ইমন। এরপর দ্রুতই আফগানদের আরো তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশ।

২২৫ রানে সপ্তম উইকেট পতনেসর পর আজিজুল্লাহ মিয়াখিল (৩৬ বলে ৩৮*) ও আব্দুল আজিজ (১৬ বলে ২৬*) মাত্র ২৮ বলে ৫৮ রানের জুটিতে আফগানদের রান ২৮৩-তে নিয়ে যান। এ দুজনই মেরেছেন ৫টি ছক্কা।

ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার হোসেন দুটি করে উইকেট নেন।

আজ আরেক ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারায় শ্রীলংকা। সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ওইদিন শ্রীলংকার বিপক্ষে খেলবে আফগানিস্তান

এশিয়া কাপে বাংলাদেশ দুইবারের চ্যাম্পিয়ন। এছাড়া ভারত রেকর্ড আটবার ও আফগানিস্তান একবার শিরোপা জিতেছে।