ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২৬ আসরের জন্য আগামী ১৬ ডিসেম্বর দুবাইয়ে নিলাম বসবে। এ নিলামে ৩৫০ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই তালিকায় বাংলাদেশের আছেন সাতজন।

আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন ১৩৯০ জন। সেখান থেকে ৩৫০ জনকে বাছাই করেছে বিসিসিআই। এর মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি। বিদেশি ১১০ জনের মধ্যে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, অলরাউন্ডার রিশাদ হোসেন ও স্পিনার রাকিবুল হাসান জায়গা পেয়েছেন।

আইপিএলের অভিজ্ঞ নাম মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এছাড়া তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম আর রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি ও রাকিবুলের ৩০ লাখ রুপি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২২৪ জন আনক্যাপড আর বিদেশি ১৪ জন আনক্যাপড। ফ্র্যাঞ্চাইজিগুলো এর মধ্য থেকে মোট ৭৭ জন খেলোয়াড়কে কিনতে পারবেন, যার মধ্যে বিদেশি নেয়া যাবে ৩১ জন। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, ৪০ জন খেলোয়াড় এই ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। ৪০ জন ২ কোটি, ৯ জন দেড় কোটি, ৪ জন সোয়া কোটি, ১৭ জন ১ কোটি, ৪২ জন ৭৫ লাখ, ৪ জন ৫০ লাখ, ৭ জন ৪০ লাখ ও ২২৭ জন ৩০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন।

বাংলাদেশের যে সাতজন নিলামে জায়গা পেয়েছেন তাদের মধ্যে শুধু মুস্তাফিজেরই আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। ২০১৬ সাল থেকে মোট ৮ মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।