দুঃসময় পিছু ছাড়ছেই না সাকিব আল হাসানের। কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এজন্য পরীক্ষাও দিতে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খ্যাতিমান ও বর্ণাঢ্য এ ক্রিকেটারকে। অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার তিন মাস পর সাকিবের শাস্তির কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোলিং পরীক্ষায় উতরানোর আগ পর্যন্ত তাদের কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব।
ইসিবি আজ শুক্রবার এক বিবৃতিতে সাকিবের বোলিং নিষিদ্ধ করার কথা জানায়। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়া কিংবা নিষেধাজ্ঞায় পড়লেন সাকিব।
সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে একটি ম্যাচ খেলেন সাকিব। হঠাৎই খেলোয়াড় শূন্যতা তৈরি হলে সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য সাকিবকে ডাকে সারে। তিনি পাকিস্তানে সিরিজ খেলে সরাসরি চলে যান ইংল্যান্ডে। ওই ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। ম্যাচে সাকিব ৬৩ ওভার বল করার সময় আম্পায়াররা ‘নো বল’ ডাকেননি। এর প্রায় দুই মাস পর জানা যায়, ম্যাচের সময় সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার।
এরপরও বেশ কিছু ম্যাচ খেলেন। ভারতে টেস্ট খেলেন দুটি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। এখন লংকা টি-টেন খেলতে আছেন শ্রীলংকায়। এমন সময় শুনলেন দুঃসংবাদ।










