কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে রুদ্ধশ্বাস নাটকীয়তার পর সুপার ওভারে ভারতকে হারায় বাংলাদেশ। রোববার রাতের ফাইনালেও সুপার ওভারের মুখোমুখি হয় আকবর আলীর দল। এবার অবশ্য পারল না বাংলাদেশ-এ দল। সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিনস (এ দল)।
আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান শাহিনস। সেমিফাইনালে সুপার ওভারে জয়ের নায়ক পেস বোলার রিপন মন্ডল আজ ২৫ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। এছাড়া স্পিনার রাকিবুল হাসান নেন ১৬ রানে ২ উইকেট। জবাব দিতে নেমে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৯তম ওভারে ২০ রান নেয়ার পর শেষ ওভারে প্রয়োজন পড়ে ৭ রান। আহমেদ দানিয়েলের করা ওভার থেকে বাংলাদেশ নিতে পেরেছে ৬ রান। ফলে ম্যাচ ‘টাই’।
সেমিফাইনালের পর আবারও সুপার ওভারের অগ্নিপরীক্ষার মুখে পড়ে বাংলাদেশ। সুপার ওভারেও বল হাতে নেন দানিয়েল। তিনি প্রথম বলে ১ রান দিলেও পরের বলে সাকলাইনকে সাজঘরে ফেরান তিনি। তৃতীয় বলটি ওয়াইড হলে ৫ রান পায় বাংলাদেশ। তৃতীয় বলে তিনি বোল্ড করেন জিসান আলমকে।
পাকিস্তান পায় ৭ রানের সহজ টার্গেট। রিপনের ৪ বল থেকেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।
এসিসি এমার্জিং এশিয়া কাপে এটা পাকিস্তানের তৃতীয় শিরোপা। এছাড়া শ্রীলংকা দুবার এবং ভারত ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯ সালের ঘরের মাঠে ফাইনালে এই পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।










