রোববার রাতে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতার পরদিনই দুঃসংবাদ শুনলেন ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়রা। আপিলে হেরে গেছে দলটি। ফলে উয়েফা ইউরোপা লিগ থেকেও ছিটকে গেছে তারা। ক্রিস্টালকে এখন খেলতে হবে উয়েফা কনফারেন্স লিগে। আর ইউরোপা লিগে প্যালেসের জায়গা নেবে নটিংহ্যাম ফরেস্ট।

প্যালেসের ৪৩ শতাংশ শেয়ার ছিল আমেরিকান ব্যবসায়ী জন টেক্সটরের, যিনি ফরাসি ক্লাব লিওঁরও মালিক। প্যালেসের মতো লিওঁ ক্লাবও ইউরোপা লিগে কোয়ালিফাই করে। তাতেই সংকট তৈরি হয়। উয়েফার নিয়ম অনুসারে, এক মালিকের দুই ক্লাব একই টুর্নামেন্টে খেলতে পারে না। সেই অপরাধেই শাস্তি পেল প্যালেস। যদিও জুনে প্যালেসে নিজের শেয়ার বিক্রি করে দেন টেক্সটর। ক্ষতিটা ততক্ষণে হয়ে গেছে। টেক্সটরের শেয়ার ছেড়ে দেয়ার, অর্থ্যাৎ বহু-ক্লাব মালিকানার পুনর্গঠনের বিষয়টি কাগজে-কলমে দেখাতে প্যালেস সময় পেয়েছিল ১ মার্চ ২০২৫ পর্যন্ত। কিন্তু টেক্সটর তা করেন জুনে। এ কারণে আপিল করেও লাভ হয়নি প্যালেসের।

গত মাসে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল প্যালেস ও লিঁও। এতে লাভ হয়নি প্যালেসের।