আগামী ২০ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজ সামনে রেখে আজ রোববার টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে জানিয়ে দেয়া হয়েছে, কোন চ্যানেলে দেখা যাবে সিরিজে খেলাগুলো।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শক, ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট। এছাড়া ক্লাব হাউসের টিকিটের মূল্য ৮০০ টাকা, ইন্টারন্যানশাল গ্যালারির জন্য ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ২৫০০ টাকা খরচ হবে দর্শকের। ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম (করপোরেট বক্স) সর্বোচ্চ ৩৫০০ টাকা।

সিরিজের সব টিকিট এবার দর্শককে কিনতে হবে অনলাইনে। ‘গোবিসিবিটিকিট.কম.বিডি’ ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা, একই নামে একটি অ্যাপও আছে। একটি একাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে বলে জানিয়েছে বিসিব। অনলাইনে অবিক্রিত টিকিটগুলো ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে। এছাড়া ১০০টি টিকিট বিনা মূল্যে পাবেন জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা।

টিকিট বিক্রি করবে মধুমতি ব্যাংক। তাদের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে বিসিবির। এজন্য বিসিবিকে তিন কোটি টাকা দেবে মধুমতি ব্যাংক, এমন তথ্য জানিয়েছেন বিসিবির জ্যেষ্ঠ পরিচালক মাহবুব আনাম। এবারও তারাই টিকিট বিক্রির দায়িত্বে থাকছে।

পাকিস্তান সিরিজের ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তাও কেটেছে। খেলা দেখাবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস।

২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। ২২ ও ২৪ জুলাই হবে পরের ম্যাচগুলো। সবগুলোই ম্যাচই সন্ধ্যা ছয়টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাসখানেক আগেই পাকিস্তান সফরে গিয়ে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে লিটন দাসের দল। তারা এখন সিরিজ খেলছে শ্রীলংকায়। তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আজ রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচ।