ওয়ানডে ক্রিকেটে অসংখ্য রেকর্ডের রাজা রোহিত শর্মার হাতে ধরা দিল আরেকটি রেকর্ড। পাকিস্তানি গ্রেট শহিদ আফ্রিদিকে টপকে ভারতের সদ্য সাবেক অধিনায়কই এখন সবচেয়ে বেশি ছক্কার মালিক।
আজ রোববার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ বলে ৫৭ রান করার পথে ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। দ্বিতীয় উইকেটে দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলিকে নিয়ে ১০৯ বলে ১৩৬ রানের জুটি গড়েন তিনি। এ পথে গড়েন ছক্কার রেকর্ড। ২০০৭ সালে ওয়ানডে অভিষেক হওয়া রোহিত আজ পর্যন্ত ২৭৭ ম্যাচ খেলে ৩৫২টি ছক্কা মেরেছেন। ওয়ানডেতে ৩৩টি সেঞ্চুরিতে তিনি করেছেন ১১ হাজার ৪২৭ রান।
৩৪৯টি সেঞ্চুরি নিয়ে আফ্রিদির পেছনে থেকেই আজ ব্যাটিং করতে নামেন রোহিত। আজ প্রোটিয়াদের বিপক্ষে ৩টি ছক্কা মেরে আফ্রিদিকে পেছনে ফেলে দেন ৩৮ বছর বয়সী এ ব্যাটার। আফ্রিদি অবশ্য ৩৫১টি ছক্কা মেরেছেন ৩৯৮ ম্যাচে।
এছাড়া ক্যারিবীয় গ্রেট ক্রিস গেইল ৩৩১টি, লংকান গ্রেট সনাথ জয়সুরিয়া ২৭০টি ও ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি ২২৯টি ছক্কা মেরেছেন ওয়ানডেতে।










