ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমে শুভসূচনা করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে উলভারহ্যাম্পটনকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। আর্লিং হালান্ড করেছেন জোড়া গোল, আর অভিষেকে দুর্দান্ত পারফর্ম করেন তিয়ানি রেইন্ডার্স। এদিকে, স্প্যানিশ লা লিগায় শুভসূচনা করেছে বার্সেলোনা।
৩৪ মিনিটে হালান্ডের করা প্রথম গোলের উৎস রেইন্ডার্স। এর তিন মিনিট পর দারুণ ফিনিশিংয়ে সিটির দ্বিতীয় গোল করেন চলতি দলবদলে ইতালির এসি মিলান থেকে যোগ দেয়া এ মিডফিল্ডার। ৬১ মিনিটে হালান্ড নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। ৮১ মিনিটে উলভারহ্যাম্পটনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রায়ান চেরকি।
এদিন টটেনহ্যাম ৩-০ গোলে বার্নলিকে ও সান্ডারল্যান্ড একই ব্যবধানে ওয়েস্ট হ্যামকে হারায়। অ্যাস্টন ভিলার মাঠে গোলশূন্য ড্র করে নিউক্যাসল, আর ব্রাইটন-ফুলহ্যাম ম্যাচটি ড্র হয় গোলশূন্যভাবে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তারা ৩-০ গোলে হারায় মায়োর্কাকে। ম্যাচের ৭ মিনিটে রাফিনহা ও ২৩ মিনিটে ফেরান তোরেস গোল করেন। যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান লামিনে ইয়ামাল।
৩৯ মিনিটের পর থেকে নয়জন নিয়ে খেলতে হয় মায়োর্কাকে। মানু মরলেনস ৩৩ মিনিটে ও মুরিকি ৩৯ মিনিটে লাল কার্ড পান।










