ওয়ানডের শীর্ষ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি আরেকটু এগিয়ে গেলেন। আজ রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে করেছেন এই ফরম্যাটে নিজের ৫২তম সেঞ্চুরি। ১২০ বলে ১৩৫ রান করে আউট হয়েছেন তিনি। কোহলির দাপটে ৮ উইকেটে ৩৪৯ রান তুলে ১৭ রানের জয় পায় ভারত।
১১ বাউন্ডারি ও ৭ ছক্কায় দুর্দান্ত এ সেঞ্চুরি করেন ৩৭ বছর বয়সী কোহলি। অস্ট্রেলিয়া সফরে দুটি ‘ডাক’ পাওয়ার পর সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। এবার ফিরলেন ‘রাজা’র মতোই। ৩০৬তম ওয়ানডেতে ৫২তম সেঞ্চুরি করলেন কোহলি।
ভারতের সাবেক এ অধিনায়ক এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
৪৬৩ ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করে দুইয়ে অবস্থান করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৩৩ সেঞ্চুরি নিয়ে তিনে ভারতেরই আরেক তারকা রোহিত শর্মা। তিনি আজ করেছেন ৫১ বলে ৫৭ রান।
শুবমান গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেয়া লোকেশ রাহুল ৫৬ বলে ৬০ ও রবীন্দ্র জাদেজা ২০ বলে ৩২ রান করে দলের সংগ্রহ সাড়ে তিনশর কাছাকাছি নিয়ে যান। বিশাল রান তাড়া করতে নেমে দুর্দান্ত লড়াই করে প্রোটিয়ারা হেরেছে ১৭ রানে। ৪৯.২ ওভারে ৩৩২ রানে অলআউট হয়েছে সফরকারীরা। বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এর আগে দুই টেস্টের সিরিজে ভারতকে ২-০তে হারিয়েছে প্রোটিয়ারা।










