অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নেয়া বাংলাদেশ প্রতিপক্ষকে ১৩০ রানে অলআউট করে দেয়। এরপর ২৫.১ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় আজিজুল হাকিমের দল।

আগের ম্যাচে ৯৬ রান করে দলকে জেতানো জাওয়াদ আবরার আজও নায়ক। ৬৮ বলে ৭০ রানের হার না মানা ইনিংস খেলে তিনি দলের জয় নিশ্চিত করেন। ৭টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান আবরার। এছাড়া কালাম সিদ্দিক ৩৪ ও রিজান হোসেন ১২ রান করেন।

এর আগে সাদ ইসলাম (৩/৩২), মো. সবুজ (৩/২৭), শাহরিয়ার আহমেদ (২/১০) ও আজিজুল হাকিমের (২/১৮) দারুণ বোলিং নেপালকে ১৩০ রানে অলআউট করে দেয়। ৩১.১ ওভারে সবকটি উইকেট হারিয়েছে তারা।

শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। আজ এলো দ্বিতীয় জয়। ‘বি’ গ্রুপে আজিজুলদের শেষ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। আজ গ্রুপের আরেক ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে লংকানরা। রুদ্ধশ্বাস লড়াই শেষে ৪ বল বাকি থাকতে জিতেছে সিংহলিজ যুবারা।

এছাড়া ‘এ’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।