আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসরে খেলবে ২০টি দল। গত বিশ্বকাপ থেকে দুই স্বাগতিকসহ সাতটি দল, আগামী আসরের স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলংকা এবং গত বছর ৩০ জুন পর্যন্ত র্যাংকিংয়ের ভিত্তিতে আরো তিনটি দল বিশ্বকাপে খেলার টিকিট পায়। বাকিরা আসবে বাছাইপর্ব খেলে। এবার ১৩তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল কানাডা।
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন হিসেবে কানাডা টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে। এ বাছাইপর্বে অংশ নেয় কানাডা, কেম্যান আইল্যান্ডস, বারমুডা ও বাহামা। ৬ ম্যাচের মধ্যে টানা ৫টি জিতে বিশ্বকাপে কোয়ালিফাই করে কানাডা। আজ ভোরে কিং সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাহামাকে ৭ উইকেটে হারিয়ে এ কৃতিত্ব দেখায় তারা। আগে ব্যাট করে বাহামা ৫৭ রানে গুটিয়ে যায়। জবাবে কানাডা ৮৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা কানাডার পেস বোলার কলিম সানা।
আমেরিকা অঞ্চল থেকে একটি দলই বিশ্বকাপে খেলবে। এছাড়া ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল উঠবে বিশ্বকাপে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার খেলবে কানাডা। তারা ২০২৪ সালে প্রথমবার অংশ নেয় ২০ ওভারের বিশ্বকাপে। ওয়ানডে বিশ্বকাপে অবশ্য তারা পুরনো দল। ১৯৭৯ সালের আসরে প্রথমবার অংশ নেয় ম্যাপল লিফার্সরা। এরপর ২০০৩, ২০০৭ ও ২০১১ আসরে টানা খেলেছে।










