প্রথম ইনিংসে দুই দলই ৩৮৭ রানে অলআউট! তাতে টেস্টের লড়াইটা নেমে আসে মাত্র দুই ইনিংসে। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট করেও স্বস্তিতে নেই ভারতীয়রা। তারা ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৮ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। আজ পঞ্চম ও শেষ দিন ভারতের জিততে লাগে ১৩৫ রান, আর ইংল্যান্ডের চাই ভারতের ৬ উইকেট। যদিও হারের মুখে পড়েছে ভারত। সকালে দ্রুতই ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত অষ্টম উইকেট হারিয়ে লাঞ্চের বিরতিতে গেছে। তাদের এখনো প্রয়োজন ৮১ রান, হাতে ২ উইকেট।
৮২ রানে সপ্তম উইকেট পতনের পর নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ৯১ বল মোকাবেলা করে ৩০ রান যোগ করে ভারতের আশা বাঁচিয়ে রাখেন রবীন্দ্র জাদেজা। যদিও লাঞ্চের আগ মুহূর্তে নিতিশকে হারায় ভারত। ৩৯.৩ ওভারে ৮ উইকেটে ১১২ রান তুলেছে ভারত। জাদেজা ১৭ রানে অপরাজিত রয়েছেন।
বিনা উইকেটে ২ রান নিয়ে রোববার চতুর্থ দিন মাঠে নামা ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করে দেয় ভারত। স্পিনার ওয়াশিংটন সুন্দর ২২ রানে ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নেন। নিতিশ কুমার রেড্ডি ও আকাশ দীপের শিকার একটি করে উইকেট। জো রুট ৪০ ও বেন স্টোকস ৩৩ রান করেন।
রান তাড়া করতে নেমে ৫ রানেই ওপেনার জশস্বী জয়সোয়ালকে হারায় ভারত। জোফরা আর্চারের বলে জেমি স্মিথকে ক্যাচ দেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (৩৩*) দলকে টানছিলেন, যদিও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি করুণ নায়ার (১৪), শুবমান গিল (৬) ও নাইটওয়াচম্যান আকাশ দীপ (১)।










