ইংলিশ প্রিমিয়ার লিগে গত টানা তিন মৌসুমে রানার্সআপ হয়েছে আর্সেনাল। তাতে হাল ছাড়েনি গানাররা। গ্রীষ্মের দলবদলে ১৯ কোটি পাউন্ড খরচ করে দল গুছিয়ে আরেকবার শিরোপার রেসে নামছে মিকেল আরতেতার দল। শুরুতেই তাদের সামনে বড় ম্যাচ। বাংলাদেশ সময় আজ রোববার রাত সাড়ে ৯টায় ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটি উভয়ই শুভসূচনা করেছে। লিভারপুল ৪-২ গোলে হারায় বোর্নমাউথকে, আর ম্যানসিটি ৪-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারায়। লন্ডনের দল টটেনহ্যাম ৩-০ গোলে হারিয়েছে বার্নলিকে। আজ মাঠে নামছে তিন বড় দল—ম্যানইউ, আর্সেনাল ও চেলসি। সন্ধ্যা ৭টায় নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ব্লুজরা।

নিবিড় অনুশীলনে ভিক্টর ইয়োকেরেস। ছবি: আর্সেনাল
২১ বছর ধরে লিগ শিরোপা জেতেনি আর্সেনাল। মিকেল আরতেতা কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর কয়েকবার কাছাকাছি গিয়েও সফল হয়নি গানাররা। ২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের কোচের দায়িত্ব নেন আরতেতা। সাড়ে পাঁচ বছরের অধ্যায়ে শিরোপা না জিতলেও তিনি গানার ম্যানেজমেন্টের আস্থা ঠিকই অর্জন করেছেন। পরবর্তী মৌসুমটি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিয়াল সোসিয়েদাদ থেকে মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি ও স্পোর্টিং লিসবন থেকে স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস তার স্কোয়াডের নতুন সংযোজন। গ্রীষ্মের দলবদলে মোট ছয়জন খেলোয়াড় যুক্ত করেছেন তিনি। তাদের নিয়েই শুরু হবে তার নতুন মিশন।
সিঙ্গাপুরে প্রাক-মৌসুম সফরে গিয়ে সাংবাদিকদের আরতেতা বলেছেন, এ মৌসুমে শিরোপা জেতার মতো ‘ভারসাম্যপূর্ণ’ স্কোয়াড পেয়েছেন তিনি এবং প্রতিটি বিভাগ নিয়েই সন্তুষ্ট। বিশেষ করে, স্পোর্টিং লিসবনে ১০২ ম্যাচে ৯৭ গোল করা ইয়োকেরেসকে নিয়ে তার উচ্চাশা।










