আগামী বছরের ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের বাকি দুই মাস। বিশ্বকাপ শুরুর আগে মঙ্গলবার শেষ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। চট্টগ্রামে বেলা ২টায় শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট বলেছেন, বিশ্বকাপ নিয়ে অতটা না ভেবে বরং ভালো ক্রিকেট খেলে জিততে চায় বাংলাদেশ।
ভারত ও শ্রীলংকার মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি। বাংলাদেশ প্রথম দিনেই লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যে ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পরের ধাপে পৌঁছানোর জন্য।
বিশ্বকাপের আগে ভারতে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এরপর বাইরে কোনো ম্যাচ নেই এখন পর্যন্ত। তবে বিসিবি যদি কোনো দেশের সঙ্গে সিরিজের আয়োজন করে সেটি ভিন্ন কথা।
এই সিরিজে প্রথম ম্যাচটি হেরে বসে বাংলাদেশ। পরে লিটন দাসের ফিফটিতে ভর করে দ্বিতীয় ম্যাচ জিতে স্বাগতিকরা সমতায় ফেরে। সিরিজের গুরুত্বের বিচারে এ ম্যাচে পরীক্ষা করার সুযোগও কম।
শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আস পেস বোলিং কোচ শন টেইট বলেন, ‘দেখুন, আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে।’
সাবেক অসি গতি বোলার আরো বলেন, ‘আমরা সেরা যে কাজটি করতে পারি, তা হলো গত ম্যাচে জয়ের বিশ্বাসকে আগামীকালের ম্যাচের বয়ে নেয়া ও ভালো খেলা। আশা করি আমরা জিতব। তার পর তো কিছুটা বিরতি আছে। সেই বিরতিও জরুরি, তাই না? আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি, সেটিই সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয়, চিন্তাভাবনা জটিল করার দরকার খুব একটা নেই।’
কলকাতায় বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচ দিনের আলোয় খেলবে বাংলাদেশ। সেটি মাথায় রেখেই বিসিবি মঙ্গলবারের ম্যাচটি বেলা ২টায় এগিয়ে এনেছে।










