ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার্স ছেড়ে মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে নাম লেখালেন কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন।
গত সপ্তাহে সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রাক-মৌসুম ম্যাচে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় টটেনহ্যাম হটস্পার্স। সেটিই ছিল স্পার্সদের হয়ে সনের শেষ ম্যাচ। ওই ম্যাচেরে আগের দিনই তিনি জানিয়ে দেন, টটেনহ্যাম ছেড়ে চলে যাচ্ছেন। এবার জানালেন নতুন গন্তব্যের নাম।
মেজর লিগ সকারের (এমএলএস) রেকর্ড ফি ২০ মিলিয়ন পাউন্ড খরচ করে সনকে দলভুক্ত করেছে লস অ্যাঞ্জেলেস এফসি। চুক্তি হয়েছে দুই বছরের, যা আরো দুই বছর বাড়িয়ে নেয়ার ‘অপশন’ রাখা হয়েছে চুক্তিতে।
মঙ্গলবার মেক্সিকান দল টাইগ্রেসের বিপক্ষে এলএএফসির ২-১ গোলের জয় দেখেছেন সন।
লস অ্যাঞ্জেলে এফসিতে নাম লেখানোর পর সন বলেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো। এলএ-অবিশ্বাস্য এক শহর। সত্য বলতে কী, এটা কিন্তু আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষ হলে যখন জনের (থরিংটন, এলএএফসির ভাইস-প্রেসিডেন্ট) সঙ্গে কথা হলো, তিনি আমার মন, আমার হৃদয় ও ব্রেনটা পাল্টে দিলেন। তিনিই আমার গন্তব্য ঠিক করে দিলেন। এখন আমি এখানে, আমি অনেক খুশি, অনেক শিহরিত।’
মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সে বর্তমানে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে এলএএফসি। এ ক্লাবে তিনি সতীর্থ হিসেবে পাবেন টটেনহ্যামের সাবেক সতীর্থ উগো লরিসকে।
২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে এশিয়ান রেকর্ড ২ কোটি ২৫ লাখ পাউন্ডে টটেনহ্যামে যোগ দেন সন। সেই থেকে ৪৫৪ ম্যাচে করেছেন ১৭৩ গোল। গত মৌসুমে ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে টটেনহ্যাম, এ জয়ে সনের ছিল গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্য দিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় স্পার্সরা। এছাড়া ২০১৯ সালে স্পার্সদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন তিনি।










