কেয়ার্নসে আজ মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৯৭ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। এ রান তাড়া করতে নেমে অজিরা ১৯৮ রানে গুটিয়ে গেছে। ৯৮ রানের এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অতিথিরা তিন ফিফটিতে তিনশ ছুঁই ছুঁই সংগ্রহ গড়ে। এইডেন মারক্রাম ৮২ বলে ৮১, অধিনায়ক তেম্বা বাভুমা ৭৪ বলে ৬৫ ও ম্যাথিউ ব্রিটজকে ৫৬ বলে ৫৭ রান করেন। শেষ দিকে ২৬ বলে ৩১ রান করে প্রোটিয়াদের স্কোরটা বড় করতে সাহায্য করেন উইয়ান মুলডার। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৫৭ রানে ৪টি উইকেট নেন। ৫৩ রানে ২ উইকেট নেন বেন ডারসুইস।
স্বাগতিকরা বিনা উইকেটে ৬০ রান তুলে নেয়ার পর স্পিনের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে। অভিষিক্ত প্রেনেলান সুবাইয়েন ব্রেকথ্রু এনে দেয়ার পর টানা তিন ওভারে চার উইকেট শিকার করেন কৃতী স্পিনার কেশব মহারাজ। সাজঘরে ফিরে গেছেন ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, জস ইংলিস ও অ্যালেক্স ক্যারি। এরপর টেল-এন্ডাররা কিছু রান যোগ করলেও তাতে দুশ ছুঁতে পারেনি অজিরা। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কেশব মহারাজ। দুটি করে উইকেট নেন নান্দ্রে বার্জার ও লুঙ্গি এনগিডি।
২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাইতে দ্বিতীয় ও একই মাঠে ২৪ আগস্ট তৃতীয় ও শেষ ম্যাচ।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-১-এ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানেড সিরিজের লড়াই শুরু হলো আজ।










