ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে স্বাগতিক ইংল্যান্ড ৭ উইকেটেই ৫৪৪ রান করে আজ শুক্রবার তৃতীয় তিন মাঠ ছেড়েছে। ৩ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের লিড এখন ১৮৬ রানের। জো রুট ১৫০ রান করে স্বাগতিকদের পাঁচশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। বেন স্টোকস ৭৭ ও লিয়াম ডসন ২১ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
টেস্ট ইতিহাসে রুট এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান এখন ১৩ হাজার ৩৭৯। তিনি টপকে যান রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রাহুল দ্রাবিড়কে (১৩,২৮৮)। সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের মালিক ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার।
জ্যাক ক্রলে ও বেন ডাকেট ওপেনিং জুটিতে ১৬৬ রান তোলেন। ক্রলে বৃহস্পতিবার দ্বিতীয় দিন ১১৩ বলে ৮৪ রান ও ডাকেট ১০০ বলে ৯৪ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন। ২ উইকেটে ২২৫ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে ইংলিশরা। ওলি পোপ ২০ ও জো রুট ১১ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামেন। গতকালের ২৮ রানের জুটিটা আজ শতরান পেরিয়ে যায়। দুজন ১৪৪ রান যোগ করেন। পোপ ৭১ রান করেন। এরপর স্টোকসকে নিয়ে ১৪২ রানের জুটি গড়েন জো রুট। ২৪৮ বলে ১৫০ রান করেন রুট। এরপর ইংল্যান্ডের সংগ্রহটা বড় করেন স্টোকস।
এর আগে সাই সুদর্শন (৬১), যশস্বী জয়সোয়াল (৫৮), ঋষভ পন্ত (৫৪), লোকেশ রাহুল (৪৬) ও শারদূল ঠাকুরের (৪১) ব্যাটে ভর করে সাড়ে তিনশ রান তুলেছে ভারত।










