ডারউইনে আজ মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২২ বছর বয়সী তরুণ ডিওয়াল্ড ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা।
মাত্র ৪১ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান ব্রেভিস। অপরাজিত থাকেন ৫৬ বলে ১২৫ রান করে। এটা টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার রেকর্ড গড়া দিনে অস্ট্রেলিয়াকে ২১৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে সমর্থ হয় প্রোটিয়ারা। বিশাল রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে ১-১-এ সমতা এসেছে। শনিবার সিরিজের মীমাংসা।
টস হেরে ব্যাটিং করতে নামা প্রোটিয়ারা ৫৭ রানে হারায় রাইয়ান রিকেলটন, এইডেন মারক্রাম ও হুয়ান-ড্রি প্রিটোরিয়াসকে। এরপর ত্রিস্তান স্টাবসকে নিয়ে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন ব্রেভিস। এর মধ্যে স্টাবসের মাত্র ৩১ রান, বাকি ৯১ রান করেন ব্রেভিস, তাও মাত্র ৩১ বলের মোকাবেলায়। অজিদের হয়ে বেন ডারসুইস ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নেন।
এটা ব্রেভিসের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২টি বাউন্ডারি ও ৮টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। তার ১২৫ রানের মধ্যে ৯৬ রানই এসেছে বাউন্ডারি থেকে!
ব্রেভিসের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে আরো ৯টি। সর্বোচ্চ ১১৯ রান করেছিলেন ফাফ ডু প্লেসি। ২০১৫ সালে জোহানেসবার্গে ৫৬ বলে ১১৯ রান করছিলেন সাবেক অধিনায়ক ডু প্লেসি। আজ তাকে টপকে গেলেন ব্রেভিস। রাইলি রুশো ও ডেভিড মিলারের রয়েছে দুটি করে সেঞ্চুরি।
জবাব দিতে নেমে ২৯ রানের মধ্যে ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিনকে হারিয়ে চাপে পড়ে অজিরা। পরে করবিন বশের আগুণ ঝরানো বোলিংয়ে লক্ষ্য ছোয়াঁ হয়নি স্বাগতিকদের। টিম ডেভিড ২৪ বলে ৫০ রান করেন। অ্যালেক্স ক্যারি ১৮ বলে ২৬ ও মিচেল মার্শ ১৩ বলে ২২ রান করেন।
ডারউইনে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারায় অস্ট্রেলিয়া।










