ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে (২৭ লাখ ৭০ হাজার ডলার) অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গ্রিন এখন আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামি ও সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়।
এছাড়া, ২০২৬ আইপিএলের দ্বিতীয় ব্যয়বহুল খেলোয়াড় শ্রীলংকার পেস বোলার মাথিসা পাথিরানাকেও কিনেছে কলকাতা। তার জন্য কলকাতার ব্যয় হয়েছে ১৮ কোটি রুপি।

ক্যামেরন গ্রিন
সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ রুপি তহবিল নিয়ে নিলাম শুরু করা কলকাতা গ্রিনকে নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। চেন্নাইয়ের হাতে ছিল দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ কোটি ৪০ লাখ রুপি। শুরুটা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও তাদের হাতে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি ছিল বলে দ্রুত তাদের থামতে হয়। বিড থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ১৩ কোটি ৪০ লাখ রুপি দর হাঁকিয়েছিল রাজস্থান রয়্যালস, যাদের হাতে ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। এরপরই কলকাতার সঙ্গে রেসে নামে চেন্নাই। যদিও শেষ পর্যন্ত টিকতে পারেনি তারা।
গ্রিনের বিড সম্পন্ন হতে দশ মিনিটেরও বেশি সময় লেগেছে। আইপিএলের ইতিহাসে তার চেয়ে বেশি দাম পেয়েছেন শুধু ঋষভ পন্ত (২৭ কোটি রুপি) ও শ্রেয়াস আইয়ার (২৬.৭৫ কোটি রুপি)।
গ্রিনের আগে আইপিএলের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ছিলেন তারই স্বদেশী মিচেল স্টার্ক, যাকে ২০২৪ সালে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। এছাড়া প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ, যিনি আছেন তালিকার তিনে।
গ্রিনের দাম ২৫ কোটি ২০ লাখ ডলার উঠলেও তিনি পাবেন মূলত ১৮ কোটি রুপি। আইপিএলের বিদেশি খেলোয়াড়রা বাইলজ অনুযায়ী, সর্বোচ্চ ১৮ কোটি রুপি পেতে পারেন। তাহলে বাকি ৭ কোটি ২০ লাখ রুপির কী হবে? এই অর্থটা ভারতীয় ক্রিকেট বোর্ডের খেলোয়াড় কল্যাণ তহবিলে জমা হবে।










