কলম্বো টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশকে ২৪৭ রানে অলআউট করার পর রাজসিক ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়ে অতিথি দলকে টপকে গেল শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল দেড়শোর্ধ্ব রানের দুর্দান্ত এক জুটিতে হতাশ করে বাংলাদেশকে। ৪৮ ওভারে ১ উইকেটে ২৪৮ রান তুলেছে স্বাগতিক দল।

অনবদ্য ব্যাটিং করেন নিশাঙ্কা। গল টেস্টে ১৮৭ রানের রাজসিক ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি। এবার কলম্বো টেস্টেও পেলেন সেঞ্চুরি। আজ বৃহস্পতিবার প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের রানকে টপকে যায় স্বাগতিকরা। নিশাঙ্কা তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি।

এর আগে ৯ উইকেটে ২২০ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৪৭ রান তুলে অলআউট হয়ে যায়। ৬০ বলে ৩৩ রান করা তাইজুল ইসলাম অভিষিক্ত সোনাল দিনুশার শিকার হলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সাদমান ইসলাম ৪৬, মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪ ও নাঈম হাসান ২৫ রান করেন। আসিফা ফার্নান্দো ও দিনুশা তিনটি করে এবং বিশ্ব ফার্নান্দো দুটি উইকেট নেন।