টি-টোয়েন্টি ক্রিকেটে দুইবারের বিশ্ব চাম্পিয়ন (২০১২ ও ২০১৬) ওয়েস্ট ইন্ডিজ প্রায় এক দশক সংক্ষিপ্ত ভার্সনের এ ক্রিকেটে বিশ্ব শাসন করেছে। ওয়েস্ট ইন্ডিজ মানেই ছিল প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। অথচ সেই দলটিকে এখন তাদেরই মাঠে বলেকয়ে হারিয়ে আসে বাংলাদেশ, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া। চলতি পাঁচ ম্যাচের সিরিজে টানা চার ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সর্বশেষ বাংলাদেশ সময় আজ রোববার ভোরে সেন্ট কিটসে সিরিজের চতুর্থ ম্যাচে ২০৬ রান তাড়া করে জিতেছে অজিরা।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে দুশোর বেশি রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। সেন্ট কিটসে শনিবার ২১৫ রানের টার্গেট ২৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। আজ সেই একই মাঠে তারা ২০৬ রানের টার্গেট সফলভাবে তাড়া করে। গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪৭, জস ইংলিস ৩০ বলে ৫১ ও ক্যামেরন গ্রিন ৩৫ বলে ৫৫ রান করেন। দ্রুত রান তোলার পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

সেন্ট কিটসেই সিরিজের শেষ মাচ বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায়। এ ম্যাচ জিতে কি হোয়াইটওয়াশ এড়াতে পারবে ক্যারিবীয়রা?

windies

গত বছর নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩-০তে হারায় বাংলাদেশ। এর আগে শ্রীলংকার মাঠে ও নিজেদের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। গত মাসে ইংল্যান্ড সফরেও ৩-০তে হেরেছে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আয়ারল্যান্ডের মাটিতে ১-০তে সিরিজ জিতে দুঃখ ভুলেছে ক্যারিবীয়রা। যদিও আবার হারের বৃত্তে। এবার তারা ঘরের মাঠে সিরিজ হারল অস্ট্রেলিয়ার কাছে। বিস্ময়কর ব্যাপার হলো, চার ম্যাচেই টস হেরে ব্যাটিং পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং প্রতি ম্যাচেই সফলভাবে রান তাড়া করেছে অজিরা! প্রথম ম্যাচে ১৯০ ও দ্বিতীয় ম্যাচে ১৭৩ রান তাড়া করে জিতেছে মিচেল মার্শের দল। অজিরা এবার চাইবে সিরিজটা ৫-০ করতে।